নোটপ্যাডে যুক্ত হচ্ছে ‘ট্যাবস’
এখন থেকে একাধিক নোটপ্যাড চালু করতে আলাদা উইন্ডোর প্রয়োজন নেই। ব্রাউজারের মতোই একাধিক ট্যাবে নোটপ্যাড ব্যবহারের সুবিধা দিতে চালু হচ্ছে ‘ট্যাবস’ ফিচার। উইন্ডোজ ১১ এর নোটপ্যাড অ্যাপে এই নতুন ফিচারটি পাওয়া যাবে। খবর জিএসএম এরিনা।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের একজন কর্মী ‘ভুলবশত’ নতুন এই ফিচারের ছবি প্রকাশ করে ফেলেছেন। সম্প্রতি মাইক্রোসফটের একজন জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক হিসেবে কাজ করা ওই কর্মী বেশ উৎসাহের সঙ্গে একটি ‘লাউডস্পিকার’ ইমোজি’সহ নোটপ্যাডের নতুন সংস্করণের ছবি পোস্ট করে টুইট করেন, “উইন্ডোজ ১১-র নোটপ্যাডে এখন ‘ট্যাবস’ রয়েছে!”
টুইটটি কয়েক মিনিট পর সরিয়ে ফেলা হয়। তবে এরইমধ্যে ‘উইন্ডোজ সেন্ট্রাল’সহ বেশ কিছু ‘কৌতুহলী’ টুইটার অ্যাকাউন্ট তার ভুল চিহ্নিত করে ফেলে।
নোটপ্যাডের ওই স্ক্রিনশটে মাইক্রোসফটের অভ্যন্তরীণ সতর্কবার্তাও দেখা যাচ্ছে। এতে লেখা, “এটা গোপনীয়, কারও সঙ্গে ফিচারগুলো সম্পর্কে আলাপ করবেন না ও এর স্ক্রিনশট নেবেন না।”
ভার্জের প্রকাশিত খবরে বলা হয়, ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে, ২০২৩ সালের শুরুর দিকে এটি বিভিন্ন ‘উইন্ডোজ ইনসাইডার’ সফটওয়্যারে আসতে পারে।
নোটপ্যাডে ফিচারটি চালু হলে, ফাইল এক্সপ্লোরারের পর ‘ট্যাব ইন্টারফেস’ থাকা প্রথম ‘বিল্ট-ইন’ অ্যাপ হবে এটি। এই বছরের শুরুতে অ্যাপটিতে এই ফিচার যোগ করেছে মাইক্রোসফট।
ডিবিটেক/বিএমটি